Menu

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

বাংলানিউজসিএ ডেস্ক :: বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড করেছে দেশ। প্রথমবারের মতো সাড়ে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের মাইলফলক অতিক্রমের খবর জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। মঙ্গলবার রাত ৯টায় দেশের বিদ্যুৎ উৎপাদন সাড়ে ১২ হাজার মেগাওয়াট অতিক্রম করেছে। তখন উৎপাদন ছিল ১২ হাজার ৫৩৯ মেগাওয়াট। এজন্য সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে এবং একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্র চালু রাখতে হয়েছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল হাসান চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

পিডিবি জানায়, এর আগে চলতি মাসের ১১ মে দেশে সর্বোচ্চ ১২ হাজার ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি রেকর্ড হয়েছিল। মঙ্গলবার রাতে দেশে যত মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল, তত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এজন্য কোথাও কোনো লোডশেডিং হয়নি। পিডিবি দেশে বিদ্যুতের ঘাটতি জিরো লেভেলে নামিয়ে আনতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। দেশে বয়ে যাওয়া প্রচণ্ড দাবদাহ থেকে দেশবাসীকে স্বস্তি দিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিদ্যুৎ বিভাগ।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২২ মে ২০১৯/ এমএম


Array