Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দুঃসময়টা পেছনে ফেলে এখন এগিয়েই চলছে রিয়াল মাদ্রিদ। কাল অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে ৩-১ গোলে, সব প্রতিযোগিতা মিলে জয় পেয়েছে টানা চার ম্যাচে। ২৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে থাকা সোসিয়েদাদ ও অ্যাটলেটিকোর সমান পয়েন্টের রিয়ালের। যদিও অ্যাটলেটিকো রিয়াল ও সোসিয়েদাদের চেয়ে দুই ম্যাচ কম খেলেছে।

আলফ্রেডো দি স্তেফানো স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের শুরুতে হোঁচট খায় অতিথিরা। ৯ মিনিটে অহেতুক ফাউল করায় প্রথম হলুদ কার্ড দেখেন রাউল গার্সিয়া। ৫ মিনিটের ব্যবধানে টনি ক্রসকে পেছন থেকে বাজে ভাবে ট্যাকেল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন গার্সিয়া। ফলাফল লাল কার্ড। ১৪ মিনিটেই দশ জনের দলে পরিণত হয় বিলবাও।

তবুও মাঠে নিজেদের আগ্রাসন অব্যাহত রাখে তারা। দারুণ কয়েকটি সুযোগ সৃষ্টি করে রিয়ালের রক্ষণ কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু ফিনিশিংয়ে বাজিমাত করতে পারেননি। প্রথমার্ধের খেলার যোগ করা সময়ে স্বাগতিকরা এগিয়ে যায় টনি ক্রুসের গোলে।

ভিনিসিয়াস জুনিয়রের থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন জার্মান মিড ফিল্ডার। রিয়ালের জার্সি গায়ে জড়ানোর পর ডি বক্সের বাইরে থেকে এটি ক্রুসের সপ্তম গোল। ২০১৪-১৫ মৌসুমের পর ডি বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো (১৩) ও জেমস রদ্রিগেজ (১১) ।

১-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেলেও ফিরে এসে গোল হজম করে রিয়াল। ৫২ মিনিটে আন্দ্রে কাপার শটে সমতায় ফেরে বিলবাও। ম্যাচের শুরু থেকে মাঠে নামলেও করিম বেনজামা প্রথম গোলের আগ পর্যন্ত নিজের উপস্থিতি জানান দিতে পারছিলেন না। ৭৪ মিনিটে ফরাসি ফরোয়ার্ড রিয়ালকে আবার এগিয়ে নেন। দানি কারভাহালের ক্রস থেকে হেড দিয়ে বল জালে পাঠান বেনজামা।

গোলের ক্ষুধায় মগ্ন বেনজামা ম্যাচের শেষ মুহূর্তে পেয়ে যান দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কাউন্টার অ্যাটাকে ফাঁকায় বল পেয়ে বেনজামার নিখুঁত ফিনিশে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি বেনজামার মৌসুমের দশম গোল।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ ডিসেম্বর ২০২০/এমএম

 


Array