প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস ২০২০ সালে বিশ্বের প্রভাবশালী এক শ নারীর তালিকা প্রকাশ করেছে। এতে বিশ্বের ৩৯তম প্রভাবশালী নারীর স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) এক শ প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করে কফোর্বস। মার্কিন সাময়িকীটি প্রতিবছরই এই ধরণের তালিকা প্রকাশ করে থাকে। তালিকায় টানা দশমবারের মতো শীর্ষস্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।
প্রকাশিত এই তালিকায় এবার ৩০টি দেশের বিভিন্ন বয়সী নারীদের নাম এসেছে। তাদের মধ্যে রাষ্ট্র বা সরকারপ্রধান আছেন ১০ জন। ৩৮ জন বিভিন্ন কোম্পানির সিইও। বিনোদন জগতের পাঁচজনও এসেছেন ক্ষমতাধর নারীদের এই তালিকায়।
ফোবর্সের প্রভাবশালী নারীর তালিকায় টানা দ্বিতীয়বারের মত দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লগার্ড।যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কমলা হ্যারিসও এই তালিকায় স্থান পেয়েছেন। তিনি শীর্ষ ক্ষমতাধর নারীদের তালিকায় আছেন তৃতীয় স্থানে।
গতবারের মতই এবারের তালিকায় চতুর্থ স্থানে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসপত্নী মেলিন্ডা গেটস আছেন পঞ্চম স্থানে।
নিউজিল্যান্ডের তরুণ প্রধানমন্ত্রী জাসিন্ডা অর্ডান আছেন এবারের তালিকার ৩২তম স্থানে। এ বছর টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি।ক্ষমতাধর নারীদের এই তালিকায় এই উপমহাদেশের রাজনীতিবিদদের মধ্যে আরও আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের, তিনি আছেন ৪১তম স্থানে।
শেখ হাসিনাকে ক্ষমতাধর নারীর তালিকায় রেখে ফোর্বস সাময়িকী তার সম্পর্কে লিখেছে, টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকা শেখ হাসিনা এবারের মেয়াদে খাদ্য নিরাপত্তা এবং জনগণের শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে গুরুত্ব দিচ্ছেন।‘শেখ হাসিনার অবিরাম সংগ্রাম বাংলাদেশে গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছে’।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ ডিসেম্বর ২০২০/এমএম





