প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৫৯৩ জনে দাঁড়াল। এসময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ লাখ ৮৩ হাজার ৫৫৯ জন।
গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৩৭ জন শনাক্ত হওয়ার খবর জানানো হয়।বুধবার (১৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃত্যু বরণ করা ১৬ জনের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন ১৫ জন এবং বাড়িতে একজন। মৃত ১৬ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব ৫ জন, পঞ্চাশোর্ধ্ব ২ এবং ষাটোর্ধ্ব ৯ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ২, রাজশাহী ১ ও খুলনায় ৩ জন রয়েছেন।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৪ হাজার ১৬৯টি নমুনা সংগ্রহ ও ১৪হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৮৪ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ১২হাজার ৪৪৮টি।এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৭৬ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জনে।
এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৫২ হাজার ৭৭৬ জন। নতুন করে ৫ হাজার ৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ৯০ হাজার ৭৩৪ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৮৮ লাখের বেশি মানুষ।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা।
তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের দু’টি অঙ্গরাজ্য ছাড়া সবকটি অঙ্গ রাজ্যেই বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮০ লাখ ৯০ হাজার ২৫৩ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ২০ হাজার ৮৭৩ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭২ লাখ ৩৭ হাজার ৮২ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১০ হাজার ৬১৭ জনের।তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫১ লাখ ১৪ হাজার ৮২৩ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৫১ হাজার ৬৩ জনের।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ অক্টোবর ২০২০/এমএম





