প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব থেকে পৃথিবী ও মানবজাতিকে রক্ষার আহ্বান জানিয়ে পাঁচ-দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে ‘ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক উচ্চপর্যায়ের এক গোলটেবিল বৈঠকে ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর প্রস্তাবগুলো হল- রাজনৈতিক নেতৃত্বকে অবশ্যই আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য উৎসাহিত করতে হবে; বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের কম রাখা এবং প্যারিস চুক্তির সবগুলো অনুচ্ছেদের বাস্তবায়ন; জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত তহবিল সরবরাহ করা; দূষণকারী দেশগুলোকে অবশ্যই প্রশমনমূলক পদক্ষেপের মাধ্যমে জাতীয় নির্ধারিত অবদান (এনডিসি) বৃদ্ধি করতে হবে এবং জলবায়ু উদ্বাস্তুদের পুনবার্সন বৈশ্বিক দায়িত্ব-এই স্বীকৃতি দেওয়া।
বাংলাদেশের অভিজ্ঞতার কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, জলবায়ু পরিবর্তনে অ্যাডাপটেশন এবং রেজিল্যান্সের বিষয়ে বাংলাদেশের কিছু ধারণা এবং অভিজ্ঞতা আছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং পানি ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়ন করেছে। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আমরা ৪ হাজার ২৯১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৫২৩টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছি এবং আমাদের ৫৬ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে। এ কারণেই আমরা ‘রিপ’ উদ্যোগে যোগ দিয়েছি, যার লক্ষ্য ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে এক বিলিয়ন মানুষকে দুর্যোগ থেকে নিরাপদ করা।
বাংলাদেশ সিভিএফের বর্তমান চেয়ারম্যান এবং সম্প্রতি ঢাকায় গ্লোবাল সেন্টার অব অ্যাডাপটেশনের আঞ্চলিক অফিস প্রতিষ্ঠার কথা তার বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী।জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গোলটেবিলটি আহ্বান করেন এবং যুক্তরাজ্যের সাংবাদিক ফেমি ওকে এটি পরিচালনা করেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ সেপ্টেম্বর ২০২০/এমএম





