প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল প্রস্তুত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকরা। তরুণ অনেক ক্রিকেটারের সাথে দলে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানও। যদিও দুই ক্রিকেটারই নিকট অতীতে বাংলাদেশের লাল বলের ক্রিকেট নিয়ে নির্বাচকদের ভাবনায় ব্রাত্য ছিলেন।
শ্রীলঙ্কা সফরকালে ২৭ সদস্যের স্কোয়াডকে ২০ সদস্যে কমিয়ে আনা হবে। সেখানেও রিয়াদ ও মুস্তাফিজের অন্তর্ভুক্তির জোর সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ১৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে, বাকি ৩ ক্রিকেটার ফিরে আসবেন দেশে। বর্তমানে প্রাথমিক স্কোয়াডে থাকা ২৭ জন ক্রিকেটারের ভিসা প্রক্রিয়ার কাজ করছে বিসিবি।
টেস্টে পারফরম্যান্স দিযে প্রত্যাশা পূর্ণ করতে না পারায় টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদ ও দেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজকে রঙিন পোশাকের ক্রিকেটে মনোযোগ দিতে বলেছিলেন নির্বাচকরা। তবে শ্রীলঙ্কা সফর দিয়ে আবারো টেস্টে ফেরা হতে পারে দেশের শীর্ষস্থানীয় এই দুই ক্রিকেটারের।
ক্রিকবাজকে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘রিয়াদ আমাদের ২৭ সদস্যের প্রাথমিক দলে আছে। আমরা মোটামুটি সবাইকেই প্রাথমিক স্কোয়াডে রেখেছি। কারণ করোনায় সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে স্ট্যান্ড বাই ক্রিকেটার রাখা গুরুত্বপূর্ণ। তাই আমরা ৭ জন স্ট্যান্ড বাই রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
২০ সদস্যের মধ্যে যারা শ্রীলঙ্কায় যাবেন, তাদের সবার চূড়ান্ত স্কোয়াডে জায়গা হবে না জানিয়ে নান্নু বলেন, ‘প্রাথমিক স্কোয়াডে ৯ জন বোলার আছে। সবাইকে আমরা রাখতে পারব না, কারণ ২০ সদস্যের দলে ৬ জন পেসার থাকবে। শ্রীলঙ্কায় পৌঁছে ১৭ সদস্যের দল করার পর বাকি ৩ জনকে ঢাকায় ফেরত পাঠানো হবে।’
একনজরে শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল হাসান শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী ও হাসান মাহমুদ।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ সেপ্টেম্বর ২০২০/এমএম





