প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনাসহ স্বাস্থ্য অধিদফতরের সকল কার্যক্রম সঠিকভাবে গণমাধ্যমে তুলে ধরতে ১৫ সদস্যবিশিষ্ট মিডিয়া সেল গঠন করা হয়েছে।
এমআইএস শাখার পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে গঠিত এ কমিটির সদস্যরাই শুধু গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন। তবে এমআইএস শাখার পাঁচজনকে আপাতত স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
তারা হলেন- ডা. আনোয়ারা শরিফ, ডা. শাহ মোহাম্মদ জসিম উদ্দিন, ডা. এবিএম শামছুজ্জামান সেলিম, ডা. মো. মারুফুর রহমান এবং ডা. মোহাম্মদ আদনান খান। এসব কর্মকর্তা ডিউটি রোস্টার অনুযায়ী মুখপাত্র হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
এমআইএস শাখার পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, অধিদফতরের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) শাখার তত্ত্বাবধানে এই মিডিয়া সেল গঠন করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন শাখা ও অপারেশন প্ল্যান (ওপি) প্রধানরা তাদের কাছে গণমাধ্যমের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ করবেন।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা তথ্য পেতে চান তারা মিডিয়া সেলের নিম্নলিখিত ই-মেইল অ্যাড্রেস mediacell@mis.dghs.gov.bd, হটলাইন নম্বর ০১৭৫৯১১৪৪৮৮ এবং মিডিয়া সেল স্পোকসম্যানের নম্বরে ০১৭২৯০৫০২২২ যোগাযোগ করতে পারেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩১ আগস্ট ২০২০/এমএম





