প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যুক্তরাষ্ট্র ওপেনের প্রস্তুতিতে বড়সড় ধাক্কা খেলেন সেরেনা উইলিয়ামস। লেক্সিংটনে টপ সিড ওপেনের কোয়ার্টার-ফাইনালে বিশ্বের ১১৬ নম্বর শেলবি রজার্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ২৩টি মেজর জয়ী মার্কিন টেনিস তারকা। ২০১২ পর র্যাংকিং’য়ে প্রথম একশোর বাইরে থাকা কোনও প্রতিদ্বন্দ্বীর কাছে হার স্বীকার করতে হল সেরেনাকে।
টপ সিড ওপেনের কোয়ার্টার ফাইনালে শুক্রবার র্যাংকিং’য়ে নবম স্থানে থাকা সেরেনা উইলিয়ামসকে ১-৬, ৬-৪, ৭-৬ (৭/৫) সেটে পরাজিত করেন রজার্স। দু’ঘন্টা সাত মিনিটের লড়াইয়ে সেরেনাকে মাটি ধরানোর পর ১১৬ নম্বর শেলবি রজার্স এদিন জানান, ‘এই জয়টা কোনও শিশুর স্বপ্ন সত্যি হওয়ার মতো বা তেমনই কিছু একটা।’ উল্লেখ্য, করোনার জেরে লেক্সিংটনে যুক্তরাষ্ট্র ওপেনের প্রস্তুতি এই টুর্নামেন্ট শুরু হয়েছে যাবতীয় গাইডলাইন মেনে কোয়ারেন্টাইন বলয়ে।
এর আগে ২০১২ ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে র্যাংকিং’য়ে প্রথম একশোর বাইরে থাকা ভার্জিনি রাজানোর কাছে হেরে ছিটকে গিয়েছিলেন সেরেনা। তারপর এই প্রথম র্যাংকিং’য়ে একশোর বাইরে থাকা কোন প্রতিদ্বন্দ্বীর কাছে মাথা নোয়ালেন ৬ বারের যুক্তরাষ্ট্র ওপেন জয়ী। গত বৃহস্পতিবার দিদি ভেনাস উইলিয়ামসকে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টারে পৌঁছনো সেরেনা আসন্ন যুক্তরাষ্ট্র ওপেনে নামবেন সপ্তমবারের জন্য খেতাবজয়ের লক্ষ্যে। কিন্তু ঘরের মাঠে গ্র্যান্ড স্ল্যাম শুরুর আগে অনামী শেলবি রজার্সের কাছে হেরে সেরেনা বলেন, ‘আমি ইতিবাচক বিষয়গুলো নিয়েই ফিরতে চাই।’
অন্যদিকে ২০১৬ পর এই প্রথম কোনও ডব্লুটিএ প্রতিযোগীতার সেমিফাইনালে উঠলেন রজার্স। শেষ চারে র্যাংকিং’য়ে ৬৩তম স্থানে থাকা সুইস প্রতিদ্বন্দ্বী জিল টেইচম্যানের মুখোমুখি হবেন তিনি। উল্লেখ্য, ২০১৮ হাঁটুর চোটে বেশ অনেকটা সময়ের জন্য কোর্টের বাইরে চলে গিয়েছিলেন রজার্স। শুক্রবার ২০১৭ পর প্রথমবার কোনও ডব্লুটিএ প্রতিযোগীতার কোয়ার্টার-ফাইনাল খেললেন তিনি।
স্বাভাবিকভাবেই এই ফলাফল আগামী সপ্তাহে ডব্লুটিএ র্যাংকিং’য়ে প্রথম একশোয় নিয়ে আসবে সন্দেহ নেই। উল্লেখ্য, আগামী ৩১ অগস্ট থেকে করোনা আবহেই শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ওপেন। অ্যাশলে বার্টি, বিয়াঙ্কা আন্দ্রেস্কু, ইলিনা সিতোলিনার মত প্রথম সারির মহিলা প্লেয়াররা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেও সেখানে অংশগ্রহণ করবেন সেরেনা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ আগস্ট ২০২০/এমএম





