Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪৪ জন। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই সবশেষ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২ হাজার ৭৪৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন হল। আর গত এক দিনে মারা যাওয়া ৩৪ জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৫ জন।

আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ১২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিনে দিনে করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। আজ দুপুর পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ১৪০ জন মানুষ। এর আগে গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে।

এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৭৩১ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৬৩ হাজার ১৩৩ জন। তবে করোনায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মানুষই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৪১ লাখ ৩৯ হাজার ৪৬৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। দেশটিতে প্রতিদিনই গড়ে ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি এবং স্পেন।

আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ৭৬ হাজার ২৬৬। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৫৩৫ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩২ লাখ ৭৮ হাজার ৮৯৫ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৬ হাজার ৫৭১ জন।

তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ২৫ হাজার ২২২। এর মধ্যে মারা গেছেন ৪৯ হাজার ১৩৪ জন। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ১২ হাজার ৮২৩ জন। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ৪৯৮ জন।

সংক্রমণে ৫ম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ১৪০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৫৬ জনের।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ আগস্ট ২০২০/এমএম


Array