Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আগামী বছর আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পঞ্চম ইসলামী সলিডারিটি গেমস। কিন্তু পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক গেমসের সূচির সঙ্গে সংঘর্ষ এড়াতে এখন তা আগামী বছর ১০-১৯ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। গেমসে প্রথমে রাখা হয়েছিল শুটিং।

কিন্তু এক সপ্তাহ আগে আয়োজক কর্তৃপক্ষ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানায়, তুরস্কের কোনিয়া গেমসে রাখা হচ্ছে না শুটিং। তবে আরচারি ঠিকই থাকছে। বাংলাদেশ বাকু গেমসে কোনো আরচার পাঠাতে পারেনি। কারণ সে আসরে ছিল না আরচারি। এবার ২১ ডিসিপ্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আরচারি।

জানান বিওএর মহাপরিচালক ব্রি. জে. (অব.) ফখরুল হায়দার। বাকুতে বাংলাদেশ শুটিং, কারাতে, ভারোত্তোলন, কুস্তি, জুরখানে কুস্তি, সাঁতার, অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স এ আট ডিসিপ্লিনে অংশ নেয়। কোনিয়াতে কোন কোন ডিসিপ্লিনে দল পাঠাবে তা অবশ্য এখনও ঠিক করেনি বিওএ। তবে গত বছর কাঠমান্ডু-পোখরা এসএ গেমসে পদক জয়ী ডিসিপ্লিনকেই দেবে অগ্রাধিকার। জানান ফখরুল হায়দার। গত দুই ইসলামী সলিডারিটি গেমস হতাশ করেনি বাংলাদেশকে।

২০১৭ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত চতুর্থ সলিডারিটি গেমসে একটি স্বর্ণ, একটি রুপা এবং একটি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। ২০১৩ সালে ইন্দোনেশিয়ার পালেম্বাংয়ে অনুষ্ঠিত গেমস থেকে খালি হাতে ফেরেনি বাংলাদেশি ক্রীড়াবিদরা। তাদের অর্জন একটি রুপা এবং একটি ব্রোঞ্জ। সর্বশেষ বাকু গেমসে বাংলাদেশের তিন পদকের দুটিই শুটিংয়ে।

এবার ২০২১ সালের কোনিয়া ইসলামী সলিডারিটি গেমসে নেই শুটিং। এতে আবদুল্লাহ হেল বাকী এবং আতকিয়া হাসান দিশারহতাশা বাড়লেও আশায় বুক বাঁধতে পারেন রোমান সানারা। কারণ গেমসে ফের অন্তর্ভুক্ত করা হয়েছে আরচারি। ফলে রোমান সানাদের পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ আগস্ট ২০২০/এমএম


Array