Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাঙালির শোকের মাস আগস্টের ১৪তম দিন আজ। একদিন পর অর্থাৎ কাল ১৫ আগস্ট সেই কলঙ্কিত কালোদিন। এদিন বাঙালির জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান ও অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল বিপথগামী সেনা সদস্য।

মুক্তির মহানায়ক স্বাধীনতা সংগ্রাম শেষে যখন ক্ষত-বিক্ষত অবস্থা থেকে দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চেয়েছিলেন তখনই ঘটানো হয় ইতিহাসের নির্মম এই ঘটনা। ১৯৭৫ সালের ১৪ আগস্ট ছিল বৃহস্পতিবার। এদিন সকাল ৯টা ৪৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক চুং হির বিশেষ দূত সাক্ষাৎ করেন। সকাল ১০টায় নৌবাহিনী প্রধান দেখা করেন, যিনি ১৫ আগস্ট সকালে বেতারে গিয়ে মোশতাকের প্রতি আনুগত্য প্রকাশ করেন অন্য বাহিনী- প্রধানদের সঙ্গে।

ওইদিন সকাল সাড়ে ১০টায় খুনিদের অন্যতম সহযোগী বেতার ও তথ্যপ্রতিমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুর এবং বেলা ১১টায় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী চট্টগ্রামের পটিয়ার নূরুল ইসলাম চৌধুরী ও বিমানবাহিনীর প্রধান এ কে খোন্দকার দেখা করেন। তাদের এই সাক্ষাতের ১৮ ঘণ্টা পর বঙ্গবন্ধু খুন হন। বিমানবাহিনী প্রধান ১৫ আগস্ট সকালে মোশতাকের প্রতি আনুগত্য প্রকাশ করেন। প্রতিমন্ত্রী পরে মোশতাকের মন্ত্রী হন। বেলা সাড়ে ১১টায় দেখা করেন জাতীয় লীগ সভাপতি আতাউর রহমান খানের দুই কন্যা। তাদের জামাতা এবং সহোদররা পরে বিএনপিতে যোগ দেন।

বিকাল ৫টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বোস প্রফেসর ড. আবদুল মতিন চৌধুরী দেখা করে পরদিন সমাবর্তন আয়োজন সম্পর্কে বঙ্গবন্ধুকে অবহিত করেন। সন্ধ্যা ৬টায় শিক্ষামন্ত্রী অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী ও শিক্ষাসচিব সাক্ষাৎ করেন। ড. মোজাফফর পরে জিয়ারও শিক্ষা উপদেষ্টা হয়েছিলেন।

সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টায় সাক্ষাৎ করেন এমপি অধ্যাপক আজরা আলী এবং শ্রীমতী সুপ্রভা মাঝি। আজরা আলী মোশতাকের ডেমোক্র্যাটিক লীগের নেত্রী হয়েছিলেন। সুপ্রভা সম্পর্কে পরে কিছু জানা যায়নি। অনুমান করা যায়, আজরা আলী সেদিন বঙ্গবন্ধুর কাছ থেকে হয়তো এমন তথ্য নিয়েছেন, যা হত্যাকারীদের পরিকল্পনায় কাজে লেগেছে (জাফর ওয়াজেদের লেখা থেকে)।

রাষ্ট্রপতি শেখ মুজিবের দৈনন্দিন সরকারি কর্মসূচিতে নজর দিলে দেখা যায়, সর্বশেষ দিন ১৪ আগস্টের তালিকা হতে পেছনের দিকে গেলে ভেসে আসে অনেক নাম, যাদের স্বরূপ উন্মোচিত হয় ১৫ আগস্টের পর। ৭১-এ পাকিস্তানি হায়েনারা যা করতে পারে নাই, সেই কাজটিই সেদিন অত্যন্ত ঠান্ডা মাথায় ও পূর্বপরিকল্পিতভাবে সম্পাদন করে পাপিষ্ঠ ঘাতকরা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ আগস্ট ২০২০/এমএম


Array