প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন আজ বুধবার থেকে বন্ধ হচ্ছে। আজ থেকে আর করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিন প্রচার করা হবে না। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে তথ্য দেয়া হবে।গতকাল শেষবারের মতো এই বুলেটিন তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। সেখানে তিনি এসব কথা জানান। এর আগে সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেকও বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছিলেন।স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার থেকে গণমাধ্যমের কাছে প্রেস রিলিজ আকারে করোনা বিষয়ক আপডেট পাঠানো হবে। তবে হঠাৎ কেন এই সিদ্ধান্ত আসলো সেই কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাস ইস্যুতে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিজেই ব্রিফিং করতেন। পরে আইইডিসিআরের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরও সরাসরি ব্রিফিংয়ে যুক্ত হয়। মার্চের শেষের দিকে ডা. ফ্লোরার পরিবর্তে নিয়মিত ব্রিফিং পরিচালনা করতে থাকেন অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক ডা. হাবিবুর রহমান। বিকেল ৩টায় এই ব্রিফিং অনুষ্ঠিত হলেও পরে দুপুর আড়াইটায় ব্রিফিংয়ের সময় চূড়ান্ত করে দেয় অধিদপ্তর।
এরপর স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে অনলাইনে ব্রিফিং পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময় সাংবাদিকরা জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার সুযোগ পেতেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এসে সাংবাদিকদের যুক্ত হওয়ার পর্বটি বাদ দিয়ে ‘ব্রিফিং’কে ‘বুলেটিন’ আকারে উপস্থাপন করতে শুরু করে অধিদপ্তর। স্বাস্থ্য বুলেটিনে নিয়মিতভাবে তথ্য উপস্থাপন করতেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া মঙ্গলবার সবশেষ তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৪৭১ জনে। এছাড়া নতুন করে আরও ২৯৯৬ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ৬৩ হাজার ৫০৩ জনে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/১২ আগস্ট ২০২০/এমএম





