বাংলানিউজসিএ ডেস্ক :: আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসি পুরো বিশ্বের কাছে ‘ফুটবলের যাদুকর’ হিসেবেই পরিচিত। আজ এই যাদুকরের জন্মদিন। ৩৩ বছর আগে ১৯৮৭ সালের ২৪ জুন জন্মগ্রহণ করেন মেসি। ছোটখাটো গড়নের এই বড় জাদুকরকে জন্মদিনের শুভেচ্ছা।
ফুটবল ক্যারিয়ারে মেসির প্রাপ্তি ও সাফল্যের শেষ নেই। ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকায় দলকে তুলেছিলেন ফাইনালে। ২০১৪ সালের বিশ্বকাপে গোল্ডেন বল, ২০১৫ সালের কোপায় টুর্নামেন্টের সর্বোচ্চ ৪ বার জেতেন ম্যাচসেরার পুরস্কার।
ইতোমধ্যে আর্জেন্টিনা দলের হয়ে তার গোলসংখ্যা ৭০। শীর্ষ পর্যায়ে ১৩৮ ম্যাচ খেলে ৭০ গোল করেছেন মেসি। বার্সেলোনা তো বটেই স্প্যানিশ ক্লাব ফুটবলের সকল রেকর্ডও রয়েছে মেসির দখলে। এখনও পর্যন্ত বার্সেলোনার হয়ে ৭২২ ম্যাচ খেলে করেছেন ৬২৯টি গোল। একইসঙ্গে রয়েছে প্রায় দুই শতাধিক এসিস্ট। স্প্যানিশ লা লিগায় ৪৪০ গোল ও ১৭৭ এসিস্ট- দুটিই রেকর্ড। স্পেনের ক্লাবটির হয়ে দেড় দশকের ক্যারিয়ারে ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ৬টি কোপা দেল রেসহ মোট ৩৪টি শিরোপা জিতেছেন মেসি।
আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনার মূল দলের হয়ে মেসির গোলসংখ্যা এখন ৬৯৯ (৭০+৬২৯)। অর্থাৎ আর মাত্র একটি গোল হলেই পেশাদার ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন মেসি।মেসি’র ফুটবল যাদুতে বিশ্ব মুগ্ধ হবে আরও বহু বছর। জন্মদিনে এই শুভ কামনা ‘দ্য ম্যাজিশিয়ান’র জন্য।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৪ জুন ২০২০ /এমএম





