বাংলানিউজসিএ ডেস্ক :: বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির এ প্রবণতা আগামী চার দিন অব্যাহত থাকতে পারে।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এর প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই ২৪ ঘণ্টা পরবর্তী ৩ দিনেও দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৬ জুন ২০২০/এমএম





