সিনান আহমেদ শুভ, রাজবাড়ী প্রতিনিধি :: রাজবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জেলাটিতে একদিনেই করোনায় ২০ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১১৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদরে ৬ জন, বালিয়াকান্দিতে ৭ জন, কালুখালীতে ৪ জন ও গোয়ালন্দে ৩ জন। রাজবাড়ীর সিভিল সার্জন সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, ঢাকা আইসিডিআর এ পাঠানো নমুনার মধ্যে ৬৭টি রিপোর্ট হাতে এসেছে। তাদের মধ্যে ২০ জনের রিপোর্ট পজিটিভ। বাকীদের নেগেটিভ। মঙ্গলবার আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থা বুঝে বাড়িতে অথবা হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হবে। একই সাথে তাদের সংস্পর্শে কারা গিয়েছে তাদেরও নমুনা সংগ্রহ করা হবে।
বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড ডেডিকেটেড হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন আছেন। ইতিপূর্বে আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ৫২ জন। বাকিরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বাংলানিউজসিএ/ঢাকা/১৫ জুন ২০২০/এমএম





