বাংলানিউজসিএ ডেস্ক :: করোনাভাইরাসের পরীক্ষা আরো বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন প্রতিটি উপজেলা থেকে অন্তত দুটি করে নমুনা নিয়ে ১ হাজার পরীক্ষার নির্দেশনা দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২ এপ্রিল) করোনাভাইরাসে বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে অনলাইনে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাবিবুর রহমান।তিনি বলেন, ‘ঢাকার প্রতিষ্ঠানগুলোর বাইরে আরো ৪টি প্রতিষ্ঠানে এখন করোনার পরীক্ষা হচ্ছে। এটি আরো বাড়ানো হচ্ছে।’
আজ সারাদেশ থেকে এক হাজার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডা. মো. হাবিবুর রহমান।ব্রিফিংয়ে তিনি জানান, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন আক্রান্ত হয়েছেন। দুইজনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ বছর এবং একজনের বয়স ৭০ থেকে ৮০ বছর। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি।
ডা. হাবিবুর রহমান বলেন, রাজধানীসহ সারাদেশে পিসিআর মেশিনের মাধ্যমে ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে।ঢাকায় ছয়টি এবং ঢাকার বাইরে চারটি প্রতিষ্ঠানে ইতোমধ্যেই নমুনা পরীক্ষা শুরু হয়েছে। আরও কিছু প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় পিসিআর মেশিন স্থাপনের কাজ চলছে। খুব শিগগির এগুলোতে কাজ শুরু হবে।তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের সন্দেহভাজন রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে নিকটস্থ ল্যাবরেটরিতে পাঠানোর অনুরোধ জানান।
ডা. হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনকে আইসোলেশনে নেয়া হয়েছে। সব মিলিয়ে ৩৭৩ জনকে আইসোলেশন করা হয়েছিল, যাদের মধ্যে ২৯৫ জনকে ছেড়ে দেয়ায় বর্তমানে আইসোলেশনে আছেন ৭৮ জন।করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ থাকায় গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত ৭৮ জন আইসোলেশনে আছেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০২ এপ্রিল ২০২০/এমএম





