Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: বৈশাখ মাসের প্রাক্কালে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঋতু পরিবর্তনের সময়ে বঙ্গোপসাগরে একটি বা দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।এছাড়া, বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি থাকবে তাপপ্রবাহও। কিছু স্থানে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের এক মাসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সাধারণত আবহাওয়ার জলবায়ু অবস্থা নিরূপণে একমাস ও তিনমাস মেয়াদী পূর্বাভাস দেওয়া হয়। চলতি মাসের প্রথমদিন গতকাল বুধবার (১ এপ্রিল) অধিদপ্তরের পূর্বাভাসসংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।সভার সিদ্ধান্ত অনুসারে আবহাওয়ার এক মাসের পূর্বাভাস দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র ৪-৬ দিন বজ্র ও শিলা বৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

আবার দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১টি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যত্র ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহও বয়ে যেতে পারে।অধিদপ্তর বলছে, এপ্রিল মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে আকস্মিক বন্যা হতে পারে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০২ এপ্রিল ২০২০/এমএম


Array