বাংলানিউজসিএ ডেস্ক :: আজ রোববার পবিত্র শবে মেরাজ। সারাবিশ্বের মুসলমানরা এই রাতটি ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পালন করে থাকেন। তবে এবার করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মেরাজের রাতে বাসায় থেকে ইবাদত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।রোববার (২২ মার্চ) সকালে প্রতিষ্ঠানর পরিচালক আনিসুর রহমান সরকার এ কথা জানান।
তিনি বলেন, আমরা সবাইকে বলেছি, যারা প্রতি ওয়াক্তে মসজিদে যান জামাতে নামাজ পড়তে, তারা যেন বাসায় অজু করে সুন্নত নামাজটা বাসায় পড়ে তারপর মসজিদে যান ফরজ নামাজ পড়তে। এটা স্বল্প সময়ের জন্য। আর আজকে পবিত্র শবে মেরাজে বাদ মাগরিব ইমাম শুধু মোনাজাত করবেন। সারা রাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি।
প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে শবে মেরাজের গুরুত্ব ও তারৎপর্য শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু করোনার কারণে এবার এসব কিছু হচ্ছে না।মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে মহানবী হযরত মুহাম্মদ (স.) মক্কা শরিফ থেকে ফেরেশতা জিবরাইল (আ.)-এর সঙ্গে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করে আবার পৃথিবীতে ফিরে আসেন।
শবে মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। অনেকে নফল রোজাও রাখেন এ দিন।করোনাভাইরাসে দেশে এ পর্যন্ত ২৪ জনের আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে আইইডিসিআর; মৃত্যু হয়েছে দুইজনের। বিশ্বে এই ভাইরাসে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। এছাড়া ৩ লাখের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২২ মার্চ ২০২০ /এমএম





