বাংলানিউজসিএ ডেস্ক :: সচিব এবং সচিব পদমর্যাদা কর্মকর্তাদের জন্য জন্য বরাদ্দ করা গাড়ির জ্বালানি তেলের প্রাপ্যতা বাড়ানো হয়েছে। আগে সচিবরা সর্বোচ্চ ১৮০ লিটার পেট্রোল বা ২৭০ ঘনমিটার গ্যাস পেতেন। এখন থেকে সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রোল বা ৩৫৮ ঘনমিটার গ্যাস পাবেন।সোমবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, সার্বক্ষণিক গাড়ি প্রাধিকারপ্রাপ্ত সরকারের সিনিয়র সচিব/সচিব এবং সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের জন্য সরকারের বরাদ্দ করা গাড়ির বিপরীতে জ্বালানি তেল/সিএনজির প্রাপ্যতা সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রোল/অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজি পুনর্নির্ধারণ করা হল।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম হায়াতুল্লাহ বলেন, ১৯৯৫ বা এরও আগে জ্বালানি তেলের প্রাপ্যতার হার নির্ধারণ করা হয়েছিল। তখনকার তুলনায় ঢাকার যানজট অনেক বেড়েছে। সচিবরা তো সবাই ঢাকায় থাকেন। যানজটের কারণে বেশি জ্বালানি তেল খরচ হয়। এছাড়া সরকারের ভিশন-২০২১, ভিশন-২০৪১, এগুলো বাস্তবায়নের জন্য সচিবদের মুভমেন্টও বেড়েছে অনেকগুণ। এসব কারণে সচিবদের জ্বালানি তেলের প্রাপ্যতা বাড়ানো হয়েছে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





