বাংলানিউজসিএ ডেস্ক :: দেশে নিবন্ধিত জেলের সংখ্যা (২০১২-জুন ২০১৭ পর্যন্ত) মোট ১৬ লাখ ২০ হাজার। এদের মধ্যে ১৪ লাখ ২০ হাজার জেলের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।সোমবার জাতীয় সংসদে মামুনুর রশীদ কিরণের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।তিনি জানান, বর্তমানে নতুন জেলেদের আইডি কার্ড বিতরণের লক্ষ্যে রাজস্ব খাতে কোড খোলা হয়েছে এবং ২০১৯-২০ অর্থবছরে এই খাতে ১০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
কানিজ ফাতেমা আহমেদের অপর এক প্রশ্নের জবাবে রেজাউল করিম জানান, প্রতিবছর মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। সে সময় উপকূলীয় ১২টি জেলায় নিবন্ধিত ৪ লাখ ১৪ হাজার ৭৮৪টি জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে ৩৫ হাজার ৯৪৭ মেট্রিক টন ভিজিএফ দেয়া হয়েছে।
মন্ত্রী জানান, সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৃত বা অক্ষম জেলেদের আর্থিক সুবিধা দেবার লক্ষ্যে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় ২০১৯ সালে নিহত জেলে পরিবার বা স্থায়ীভাবে অক্ষম জেলেদের ‘আর্থিক সহায়তা নীতিমালা’ -২০১৯ প্রণয়ন করে। সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিহত বা নিখোঁজ হলে তার পরিবারকে ৫০ হাজার টাকা এককালীন আর্থিক সহায়তা দেয়া হবে এবং উপরোক্ত কারণে স্থায়ীভাবে অক্ষম জেলেকে ২৫ হাজার টাকা এককালীন আর্থিক সহায়তা দেয়া হবে। আর সমুদ্রে মাছ ধরতে গিয়ে যদি কোনো জেলের মৃত্যু হয় তাহলে তাদের জন্য বিমা সুবিধা দেয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





