বাংলানিউজসিএ ডেস্ক :: পাকবাহিনী ও রাজাকারদের হাতে নির্যাতিত আরো ১৭ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট জারি করা হয়েছে। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হলো ৩৩৯।জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি পেলেন।
মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা হলেন— কিশোরগঞ্জের মীরা রানী চৌহান, গাইবান্ধার শ্রীমতি কুলোবালা রানী দাস, কুষ্টিয়ার ময়না, মোছা. মাবিয়া খাতুন, মোছা. টগরজান ও জরিনা।গাজীপুরের সুরবালা, টাঙ্গাইলের জহুরা খাতুন, ঝিনাইদহের মোছা. রিজিয়া খাতুন, জয়পুরহাটের মোছা. আমেনা বেগম, গোপালগঞ্জের হেনা, সুনামগঞ্জের বসন্তী ধর, টাঙ্গাইলের শেফালী, সাতক্ষীরার মোছা. রাজিদা বেগম, ময়মনসিংহের শাহানাজ পারভীন, রানী বালা দাস ও শিরিন মমতাজ।
উল্লেখ্য, বীরঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে ২০১৫ সালের ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদে ১৩১ বিধিতে প্রস্তাব আনেন যশোর-২ আসনের তৎকালীন সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। পরে বেসরকারি দিবসে কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে তা পাস হয় এবং বীরঙ্গনারা মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পায়।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ ডিসেম্বর ২০১৯ /এমএম





