Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: আজ মঙ্গলবার দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কাল বুধবার থেকে দেশের বেশির ভাগ স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। থেমে থেমে ওই বৃষ্টি শনিবার পর্যন্ত চলতে পারে। ফলে বড়দিন অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মদিন ২৫ ডিসেম্বর থাকতে পারে বৃষ্টিবিলাসী।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি শুরুর আগে ও চলাকালে দেশের বেশির ভাগ এলাকা থেকে কুয়াশা সরে যাবে। আর বৃষ্টি শেষে অর্থাৎ আগামী রোববার থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে। আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। শীতের ওই ধাক্কা তিন থেকে পাঁচ দিন চলতে পারে।

আবহাওয়া অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এক জরুরি সতর্কবার্তায় মাঠে থাকা বোরো ধানের বীজতলা, সবজি ও সরিষাখেতে রাতের বেলা হালকা সেচ দিয়ে সকালে সেই পানি সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জমিতে যাতে কোনো কুয়াশা ও পানি জমে না থাকে, তা নিশ্চিত করার জন্য কৃষকদের বলা হয়েছে। বৃষ্টির সময় ফসলের বীজগুলো পলিথিন দিয়ে ঢেকে দিতে বলা হয়েছে। বৃষ্টি শুরু হলে কোনো ফসল না কাটার পরামর্শ দিয়েছে সংস্থা দুটি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বুধবার থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি থেমে যাওয়ার পর রোববার থেকে আরেক দফা তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। শুষ্ক পশ্চিমা লঘুচাপ ও জলীয় বাষ্পপূর্ণ পুবালি বায়ুর মিশ্রণের ফলে ওই বৃষ্টি শুরু হতে পারে। তিনি বলেন, বৃষ্টি থেমে যাওয়ার পর যে শৈত্যপ্রবাহ শুরু হবে, তাতে কুয়াশা কম থাকতে পারে।

গতকাল রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। তবে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজশাহী ও রংপুর বিভাগের বেশির ভাগ স্থানের সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।

আবহাওয়া অধিদপ্তর থেকে আজ মঙ্গলবারের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের বেশির ভাগ স্থানে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হতে পারে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৪ ডিসেম্বর ২০১৯ /এমএম


Array