বাংলানিউজসিএ ডেস্ক :: ঝাঁকিয়ে শীত পড়তে এখনো বাকি আরো কয়েকটা দিন। ঢাকার বাইরে দুপুরের পর রোদের তাপমাত্রা কমতে শুরু করেছে। ঢাকাতেও কমতে শুরু করেছে তাপমাত্রা। দেশের বিভিন্ন অঞ্চলে মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা আর ঠাণ্ডা বাতাসের আমেজ। আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা আরো কমবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, রাতের তাপমাত্রা আরো ক্রমান্বয়ে কমবে। ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রা আরো কমে যাবে। এ মাসের শেষদিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। গত সপ্তাহের মাঝামাঝি থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমে আসছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এই সপ্তাহে তাপমাত্রা আরো আরেকটু কমতে পারে। তারপর কিছুদিন অপরিবর্তিত থাকবে। শীত পুরোপুরি ঝেঁকে বসবে এ মাসের শেষ দিক থেকে। শীতের তীব্রতা বৃদ্ধির পাশাপাশি বাড়বে কুয়াশাও।
তিনি আরো বলেন, সূর্য আমাদের থেকে দক্ষিণে সরে যাচ্ছে। ফলে তাপমাত্রা আর বাড়ার সম্ভাবনা নেই। তবে রাজধানীতে বরাবরের মতোই শীতের আমেজ কিছুটা কম থাকবে। ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ইতোমধ্যে শীতের মাত্রা বেড়েছে। উত্তরবঙ্গের মানুষ শীতের কাপড় নামাতে শুরু করেছে বলে জানান রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান।তিনি বলেন, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা গত সপ্তাহে বেড়েছে। হিমালয় কাছে থাকার কারণে এদিকে দ্রুতই শীত নামে।
তিনি আরো বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে। তেঁতুলিয়ার দিকে ১০ এবং রংপুরে ১১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। দিনের একটি অংশে শীতের তীব্রতা কিছুটা কমে। ডিসেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। শেষ দিকে উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সে সময় তাপমাত্রা ছয় থেকে চার ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৮ ডিসেম্বর ২০১৯ /এমএম





