আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ১৬২-১৫১ ভোটে পাস হয়েছে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল সরকারের ২০২৬ সালের ফেডারেল বাজেট। গত ৫ নভেম্বর অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বাজেটটি সংসদে উপস্থাপন করেন। ‘মাস্টার্স অব আওয়ার ডেস্টিনি’ শিরোনামের এই বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, ব্যবসায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আবাসন সংকট ও গৃহহীনতা মোকাবিলা এবং নিম্ন আয়ের পরিবারকে সহায়তার জন্য নতুন কর্মসূচি রাখা হয়েছে।
বাজেটে ব্যবসাপ্রতিষ্ঠানের বিনিয়োগ উৎসাহিত করতে কর-সুবিধা, সাশ্রয়ী আবাসন নির্মাণ এবং জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়তার প্রস্তাব রয়েছে। নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ২০২৭ সালের শুরুতে অতিরিক্ত খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহায়তা দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। তবে বাজেটের বড় অঙ্কের ঘাটতি ও ঋণ নিয়ে সমালোচনা করেছেন কনজারভেটিভ নেতা পিয়েরে পোয়েলিয়েভ। তাঁর মতে, অতিরিক্ত ঋণ ভবিষ্যৎ প্রজন্মের ওপর আর্থিক চাপ বাড়াবে। অন্যদিকে, এনডিপির অভিযোগ, সাধারণ মানুষের চেয়ে বড় ব্যবসাপ্রতিষ্ঠানের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ কমাতে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্যও বেশ কিছু পদক্ষেপ রাখা হয়েছে।
২০২৭ সালের শুরুতে ‘কানাডা গ্রোসারিজ অ্যান্ড এসেনশিয়ালস বেনিফিট’-এর আওতায় এককালীন অতিরিক্ত অর্থ দেওয়া হবে। এ সুবিধায় সন্তানহীন একজন একক ব্যক্তি সর্বোচ্চ ৩৩৯ ডলার এবং দুই সন্তানসহ একটি দম্পতি সর্বোচ্চ ৬৭৯ ডলার পেতে পারেন। এ ছাড়া পরিচর্যাকারীদের জন্য কর-সুবিধা, কর্মজীবী নিম্ন আয়ের মানুষের সহায়তা এবং জ্বালানি সাশ্রয়ী বাড়ি সংস্কারের কর্মসূচি রয়েছে। সরকারের হিসাবে, এসব উদ্যোগের মাধ্যমে বহু পরিবার দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে। সংসদে লিবারেলদের একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় অন্য দলের সমর্থন ছাড়াই বাজেটটি পাস হয়েছে। তবে বাজেটের বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীয় আইন পাসের প্রক্রিয়া এখনো বাকি।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২২ নভেম্বর ২০২৬/এএ






