প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রাজধানীর দক্ষিণখানে কানাডা প্রবাসী নারী আফরোজা বেগমকে হত্যার পর বালিচাপা দেয়ার ঘটনায় করা হত্যা মামলায় স্বামীআশরাফুল আলম (কানাডাপ্রবাসী) সহ ৫ জনের বিষয়ে চার্জগঠনের বিষয়ে আদেশের দিন ৩০ সেপ্টেম্বর ঠিক করেছেন আদালত।
আজ সোমবার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলম শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন— আফরোজার শ্বশুর শামছুদ্দিন আহমেদ, দেবর সজীব আলম, সজীবের স্ত্রী তাহমিনা বাশার ও খালাশাশুড়ি অ্যাডভোকেট পান্না চৌধুরী। আসামিদের মধ্যে আশরাফুল আলম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
এদিন শুনানিকালে আশরাফুলকে আদালতে হাজির করা হয়। অপর আসামিরা জামিনে থেকে আদালতে হাজিরা দেন। আসামিগণের পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলমসহ কয়েকজন আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন।
বাদীপক্ষে ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের পক্ষে শুনানি করেন। এছাড়া ওই আদালতের প্রসিকিউটর আনোয়ারুল ইসলাম চার্জগঠনের পক্ষে শুনানি করেন।
২০২৩ সালের ২৬ মে দক্ষিণখানে স্ত্রী আফরোজা বেগমকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন আশরাফুলসহ অপর আসামিরা। এ ঘটনায় আফরোজার ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আশরাফুলসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন আদালতে চার্জশিট দাখিল করেন।
আফরোজাকে খুন করে অস্ট্রেলিয়া পাড়ি জমান আশরাফুল। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৪ সেপ্টেম্বর ২০২৬/এএ





