প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আবৃত্তি সংগঠন উচ্চারণ আয়োজিত “টরন্টো আবৃত্তি উৎসব ২০২৬”। উৎসবকে ঘিরে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর উচ্চারণ আয়োজন করে শিশু-কিশোরদের জন্য একটি বিশেষ আবৃত্তি কর্মশালা।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের বাংলা ভাষা, কবিতা ও ছড়ার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত করা এবং তাদের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ও সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই ছিল এই আয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে শিশু-কিশোরদের নিয়ে নিয়মিত ও পরিকল্পিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে উচ্চারণ।
আনন্দঘন ও শিশু-বান্ধব পরিবেশে অনুষ্ঠিত কর্মশালায় বাংলা বর্ণমালার শুদ্ধ উচ্চারণ, কবিতা ও ছড়ার ভাব অনুধাবন, কণ্ঠের সঠিক প্রয়োগ এবং কবিতা বা ছড়া উপস্থাপনার বিভিন্ন দিক সহজ ও ব্যবহারিকভাবে শিশুদের সামনে তুলে ধরা হয়। শেখার পাশাপাশি আনন্দ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শিশুদের কবিতার কাছাকাছি নিয়ে আসাই ছিল আয়োজনটির মূল লক্ষ্য।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সুব্রত পুরু, এলিনা মিতা এবং আরিয়ান হক। তাঁরা শিশুদের বয়স ও মনোজগতের উপযোগী করে আবৃত্তির বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন এবং প্রত্যেককে সরাসরি অংশগ্রহণের সুযোগ করে দেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। উচ্চারণ-কর্মী তানিয়া নুরের সঞ্চালনায় এই সনদ প্রদান পর্বে উপস্থিত ছিলেন শিকড় টিভি কানাডার সিইও এবং টরন্টো আবৃত্তি উৎসবের অন্যতম পৃষ্ঠপোষক ওয়াজির হোসেন মুরাদ, উৎসবের কনভেনর কবি জামিল বিন খলিল, সদস্য সচিব নাজমা কাজী, কনভেনিং কমিটির সদস্য ম্যাক আজাদ এবং আবৃত্তি সংগঠন কন্ঠচিত্রণ-এর প্রধান সংগঠক আবৃত্তিশিল্পী এলিনা মিতা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টরন্টো আবৃত্তি উৎসব ২০২৬ কেবল একটি দিনের আয়োজন নয়। বাংলা কবিতা ও আবৃত্তিকে কেন্দ্র করে বিভিন্ন বয়স ও প্রজন্মের মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে ছোট-বড় নানা আয়োজনের মধ্য দিয়ে এগিয়ে চলছে উৎসবের পথচলা। শিশু-কিশোরদের এই কর্মশালা সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য টরন্টো আবৃত্তি উৎসব ২০২৬-এ কবিতা, আবৃত্তি ও বাংলা সংস্কৃতিপ্রেমী সবাইকে সপরিবারে অংশগ্রহণের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে উচ্চারণ। এই আয়োজনের মিডিয়া সহায়তায় ছিল শিকড় টিভি কানাডা।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৬ সেপ্টেম্বর ২০২৬/এএ




