আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: শ্রাবণের মেঘ আর রৌদ্রের লুকোচুরির এক অভূতপূর্ব পরিবেশে সম্পন্ন হয়েছে চিটাগাং বিভাগের বার্ষিক বনভোজন ও মেজবানী ফেস্ট। ক্যালগেরি’র নর্থ গ্লেনমোড় পার্কে অনুষ্ঠিত এই বার্ষিক বনভোজনে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের সমাগম ঘটে। দিনব্যাপী এই বনভোজনে প্রবাসীরা আনন্দ উৎসবে মেতে উঠেছিল অন্য রকম এক মিলনমেলায়।
প্রকৃতির অবয়ব রূপ আর নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে ছোট শিশু কিশোর আর পরিবার পরিজনের মিলন মেলার সাথে বাড়তি যোগ হয়েছিল ঐতিহাসিক চিটাগাং এর মেজবান খাবার ও বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল সুস্বাদু খাবারের পরিবেশন, শিশু ও বড়দের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, প্রাণবন্ত আড্ডা এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। পুরো পার্কজুড়ে ছিল উৎসবের আমেজ, আনন্দ ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ, যা প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
অনুষ্ঠানে চিটাগাং বিভাগের বিভিন্ন ব্যাক্তি, কমিউনিটি ব্যক্তিত্ব এবং বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান উপস্থিত ছিলেন। পরিশেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বনভোজন সম্পন্ন হয়।
আয়োজকেরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষে আয়োজক, স্বেচ্ছাসেবী ও সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৭ আগস্ট ২০২৬/এএ




