Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার অ্যালবার্টার ক্যালগেরি শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় রোডিও শো “ক্যালগেরি স্ট্যাম্পিড”। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের সঙ্গে যোগ দিয়েছেন প্রবাসী বাঙালিরাও। এবছর ৩ জুলাই শুরু হয়েছে ১০ দিনের স্ট্যাম্পিড। প্রাণের স্পন্দন আর পর্যটকদের আনাগোনায় মুখর পুরো শহর।

ঐতিহ্যবাহী ক্যালগেরি স্ট্যাম্পিড প্রথম শুরু হয় ১৯১২ সালে। এটি কাউবয়খ্যাত ক্যালগেরির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের আইকনিক। বড় বাজেটের জমকালো এই উৎসব চলবে ১৩ই জুলাই পর্যন্ত।

স্ট্যাম্পিড ঘিরে এবারও ক্যালগেরির ডাউনটাউনসহ বিভিন্ন সড়কে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর আর লোকে লোকারণ্য মিলনমেলার কেন্দ্রবিন্দুতে যোগ দিয়েছেন প্রবাসী বাঙালিরাও। ক্যালগেরির হোটেল আর রেস্তোরাঁগুলো পর্যটকে পূর্ণ।

কানাডায় বসবাসরত বিভিন্ন কমিউনিটি নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে তাদের কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য। আয়োজন মাতিয়ে তুলছে ঘোড়াদৌড়, মিডওয়ে গেমস, লাইভ মিউজিক, শিশু কিশোরদের বিভিন্ন রাইড ও আতশবাজির ঝলকানি। প্যারডের আকর্ষণীয় প্রদর্শনীতে মুগ্ধ হন স্থানীয় দর্শক ও পর্যটকরা।

জনপ্রিয় “স্ট্যাম্পিড ব্রেকফাস্ট” এ অংশ নেন প্রাদেশিক সরকার প্রধান, সিটি মেয়র ও নির্বাচিত প্রতিনিধিরা। তারা শহরের বিভিন্ন স্থানে নিজ হাতে এই ব্রেকফাস্ট জনগণকে পরিবেশন করেন।

উল্লেখ্য, বড় বাজেটের জমকালো এই উৎসব কে ঘিরে প্রচুর সংখ্যক কর্মসংস্থানের যোগ হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু সাংস্কৃতিক ঐতিহ্য পরিবেশনের বিনোদনই নয়, রাজস্বও তৈরি করবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৮ জুলাই ২০২৬/এএ


Array