Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রাজনৈতিক পটপরিবর্তনের কারণে প্রায় দুই বছর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট বা পর্যটন ভিসা বন্ধ ছিল। নতুন সরকার আসার পর গত ২৮ জুন পর্যটন ভিসা সেবা চালু করে দেশটি। বাংলাদেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) আবেদন গ্রহণ শুরু হয়।

আবেদন শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়ে ভিসা কেন্দ্রগুলোয়। এ অবস্থায় আবেদনকারীদের কাছে ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বার্তায় বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিদের ভিসা-প্রক্রিয়া নিয়ে এসব কথা জানায় হাইকমিশন।

হাইকমিশন বলছে, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় তারা উৎসাহিত। তবে ভিসা-প্রক্রিয়া শেষ করতে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

বার্তায় আরও বলা হয়, ভিসা পরিষেবা আরও বিস্তৃত করা এবং আবেদনপ্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তুলতে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

এদিকে দীর্ঘ ২৩ মাস পর ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার আনন্দের মধ্যেও ভিড়, সার্ভার বিপর্যয় এবং দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামনে এসেছে।

তবে ভারতীয় হাইকমিশন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।

এদিকে ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে হাইকমিশন। নতুন নিয়মে আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় বা টাইম স্লট নির্বাচন করতে পারবেন না। নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবফাইল আপলোড সম্পন্ন হওয়ার পর খালি থাকা সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্ধারণ করবে সিস্টেম।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) জানিয়েছে, বুধবার (১ জুলাই) থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) সব ধরনের ভিসার ক্ষেত্রে টাইম স্লটের নতুন এ ব্যবস্থা চালু হচ্ছে।

প্রতিটি ভিসা কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে আবেদনকারীদের জন্য ক্রমানুসারে সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে আইভ্যাক।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৩ জুলাই ২০২৬/এএ


Array