প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যুগের স্রোতে বদলে না গিয়ে যুগকেই বদলানোর চেষ্টা করার আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, উদাসীনতার পিঠে চাবুক মেরে আত্মপরিচয় ফিরিয়ে আনার এই লড়াই-ই হোক এবারের আশুরার অঙ্গীকার।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘ইসলামের স্বাতন্ত্র্যবোধ মহানবী (সা.)-এর মধ্যে এতটাই প্রগাঢ় ছিল যে, ইবাদতেও যেন ইহুদিদের অনুকরণ না হয়, সে জন্য তিনি সাহাবিদেরকে আশুরার দুইটি রোজা রাখতে বলেছিলেন। অথচ তাঁর অনুসারী দাবিদার হয়েও আজ আমরা জাগতিক সাধারণ বিষয় তো বটেই; জীবনবোধে, সংস্কৃতিতে, মূল্যবোধে—এমনকি বহু পাপাচারেও তাদের অন্ধ অনুকরণ করছি।
মানুষ কখনো কখনো ইহুদিদের অন্ধ অনুকরণ করে গর্ববোধ করছে বলে বিস্ময় প্রকাশ করেন তিনি।
তিনি লেখেন, ‘এ যেন রাসুলের (সা.) সেই সতর্কবাণীরই জ্বলন্ত প্রতিচ্ছবি, ‘তোমরা প্রতি বিঘতে ও প্রতি গজে পূর্ববর্তীদের অনুকরণ করবে। এমনকি তারা গুইসাপের গর্তে ঢুকলে তোমরাও ঢুকবে। সাহাবিরা জিজ্ঞেস করলেন, তারা কি ইহুদি-খ্রিস্টান? নবীজি (সা.) বললেন, তবে আর কারা?’ (সহিহ বুখারি, হাদিস: ৩৪৫৬)। খেয়াল করুন, এটি কোনো প্রশংসাসূচক হাদিস নয়। বরং এটি ভয়ংকর এক ভবিষ্যদ্বাণী।’
যুগের স্রোতে বদলে না গিয়ে বরং যুগকেই বদলানোর চেষ্টা করার আহ্বান জানিয় আহমাদুল্লাহ বলেন, ‘যেভাবে মক্কার জাহিলিয়াতের বিরুদ্ধে একাই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন আমাদের প্রিয় নবী (সা.)। উদাসীনতার পিঠে চাবুক মেরে আত্মপরিচয় ফিরিয়ে আনার এই লড়াই-ই হোক এবারের আশুরার অঙ্গীকার।’
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৬ জুন ২০২৬/এএ





