Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রাজধানীতে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম পড়েছে। এরমধ্যে গত বুধবার শুরু হয় তাপপ্রবাহ। বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরম কমেনি। আজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরমের অনুভূতি একইরকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২২ মে) ‍দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। তবে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রাজধানীর আকাশে মেঘ আছে। এই মেঘ ভ্যাপসা গরম বাড়াতে পারে। কারণ মেঘটি নিম্নস্তরে আছে। এখান থেকে সাধারণত বৃষ্টি হয় না।

বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি বাড়ছে বলেও জানান এই আবহাওয়াবিদ।

এদিকে শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২২ মে ২০২৬/এএ


Array