Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিশ্বজুড়ে নগরজীবনের সঙ্গে পাল্লা দিয়ে জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বাড়ছে বায়ুদূষণ, আর এর চাপ ক্রমেই তীব্র হচ্ছে জনবহুল শহরগুলোতে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। মঙ্গলবার (১৯ মে) সাতসকালেই বিশ্বে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।

এদিন সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর ১৭৮, যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। শহরটির বায়ুমানের স্কোর ৩০০। এ ছাড়া, ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর এবং পঞ্চম অবস্থানে থাকা নেপালের রাজধানী কাঠমান্ডুর স্কোর ১৫২।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৯ মে ২০২৬/এএ


Array