Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চলতি বছর পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ ছাড়া চামড়া সংরক্ষণে সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্য লবণ পৌঁছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানি-সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে এসব তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী জানান, এবার কোরবানির গরুর কাঁচা চামড়ার দর রাজধানী ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা এবং রাজধানীর বাইরে প্রতি বর্গফুটের দাম ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে ট্রেনের টিকিট কেনার পরামর্শRail
লবণ সরবরাহ নিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়, সে জন্য সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ পৌঁছানো হবে। এ জন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে জেলা-উপজেলায় এই লবণ পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, পুরান ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা সাভারে নিয়ে যাওয়ায় চামড়াশিল্পে বিপর্যয় সৃষ্টি হয়েছে। সেখানে সব কারখানা চালু হলে চামড়ার দাম বাড়তে থাকত। দাম কমত না কিংবা স্থবির হয়ে থাকত না।

আগামী দিনে চামড়াশিল্পকে সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তরের জন্য সাভারের সিইটিপির সংস্কার করা হবে বলে জানান তিনি।

ইটিপি স্থাপর নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা আছে, তারা নিজস্ব ব্যবস্থাপনায় ইটিপি করবে। এ জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। অন্য প্রতিষ্ঠানগুলোকে কয়েকটি গ্রুপে মার্জ করে কীভাবে আর্থিক সহায়তা করা যায় এবং সিইটিপিতে সম্পৃক্ত করা যায়, এসব নিয়ে পরিকল্পনা হয়েছে।

চলতি বছর কোরবানির চামড়ার যথাযথ সংরক্ষণে স্থানীয় প্রশাসনের তদারকির পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অনেকগুলো টিম ছাড়াও সংসদ সদস্যরা সমন্বিতভাবে কাজ করবেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৪ মে ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ