Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: লিওনেল মেসির রেকর্ডগড়া পারফরম্যান্সে মেজর লিগ সকারে (এমএলএস) দাপুটে জয় পেয়েছে ইন্টার মায়ামি। প্রতিপক্ষ টরন্টো এফসিকে ৪-২ গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে গোল ও অ্যাসিস্টের মাধ্যমে আমেরিকান লিগে দ্রুততম ১০০ গোলে অবদানের এক অনন্য নজির গড়েছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি তারকা।

রেকর্ডের পাতায় মেসি আমেরিকান সকারে যোগ দেওয়ার পর মাত্র ৬৪ ম্যাচে শততম গোলে অবদান রাখার কীর্তি গড়লেন মেসি। এখন পর্যন্ত মায়ামির হয়ে তার গোল সংখ্যা ৫৯টি এবং অ্যাসিস্ট ৪১টি। এর আগে এই রেকর্ডটি ছিল সেবাস্তিয়ান গিওভিঙ্কোর দখলে, যার এই মাইলফলক স্পর্শ করতে লেগেছিল ৯৫টি ম্যাচ। অর্থাৎ গিওভিঙ্কোর চেয়ে ৩১ ম্যাচ কম খেলেই এই রেকর্ড নিজের করে নিলেন মেসি।

ম্যাচের ঘটনাপ্রবাহ টরন্টোর ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ইন্টার মায়ামি। ৪৪ মিনিটে রদ্রিগো ডি পলের চমৎকার ভলিতে প্রথম লিড পায় ক্লাবটি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় মায়ামি। ৫৬ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। ৬৮ মিনিটে মেসির সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দলের তৃতীয় গোলটি করেন লেফট-ব্যাক সার্জিও রেগুইলন।

৭৫ মিনিটে ডি পলের ফিরতি পাসে পেনাল্টি স্পট থেকে বাঁ পায়ের দর্শনীয় শটে স্কোরলাইন ৪-০ করেন অধিনায়ক মেসি নিজেই। ম্যাচের শেষ দিকে মায়ামি রক্ষণ কিছুটা শিথিল করলে ৮২ ও ৯০ মিনিটে টরন্টোর এমিলিও আরিস্তিজাবাল দুটি গোল শোধ করেন। তবে তা কেবল ব্যবধানই কমিয়েছে, মায়ামির জয় আটকাতে পারেনি।

পয়েন্ট টেবিলের অবস্থান এই গুরুত্বপূর্ণ জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১২ ম্যাচে তাদের সংগ্রহ এখন ২২ পয়েন্ট। ১ ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ন্যাশভিলে এফসি।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১০ মে ২০২৬/এএ


Array