Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল রোববার শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ- ২০২৬। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ।

কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর পুলিশ বাহিনীর ১০৭ সদস্যকে পদক দেওয়া হবে। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে তাদের পদক পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন কনটিনজেন্ট ও পতাকাবাহী দলের বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির পৃথক বাণী দিয়েছেন।

এবারের বার্ষিক পুলিশ প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন ইউনিটের সদস্যরা প্যারেডে অংশ নেবেন।

অনুষ্ঠানে ২০২৫ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান করা হবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলায় বিশেষ অবদানের জন্য ‘বিপিএম সেবা’ ও ‘পিপিএম সেবা’ পদক দেওয়া হবে।

অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, আইজিপি, বিদেশি কূটনীতিক, অতিরিক্ত আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপও বিশেষভাবে সাজানো হবে।

এবারের পুলিশ সপ্তাহের উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে: প্রধানমন্ত্রীর পুনাক স্টল পরিদর্শন, কল্যাণ প্যারেড, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ, আইজিপি ব্যাজ প্রদান, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদক উদ্ধারসংক্রান্ত পুরস্কার বিতরণ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সঙ্গে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সম্মেলন।

পুলিশ সদর দপ্তর জানায়, সপ্তাহব্যাপী বিভিন্ন অধিবেশনে গত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। আগামী ১৩ মে পুলিশ সপ্তাহ- ২০২৬ শেষ হবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৯ মে ২০২৬/এএ


Array