Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ১৬৫তম জন্মবার্ষিকী। প্রতিবছর ২৫শে বৈশাখে রবীন্দ্রপ্রেমী বাঙালিরা এ দিনটি উদযাপন করে থাকেন। তারা মনে করে থাকেন, এ দিনটি শুধু একজন কবির জন্মদিন নয়, এটি বাঙালির সংস্কৃতি, মনন ও আত্মপরিচয়ের দিনও। রবীন্দ্রনাথের জন্মদিন বাঙালির এক আনন্দঘন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। কারণ তিনি বাংলা সাহিত্য, সংগীত, চিত্রশিল্প ও দর্শন দিয়ে প্রতিটি স্তরে মিশে গেছেন।

১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বমঞ্চে মর্যাদার আসনে বসিয়েছিলেন। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, শিশুতোষ সাহিত্য, চিত্রকলায় তার সৃষ্টিশীলতার অসামান্য দীপ্তি ছড়িয়ে আছে। মানবতা, দেশপ্রেম, সত্য ও ন্যায়ের পথে তার সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করেছে। মহান মুক্তিযুদ্ধেও তার গান ছিল বাঙালির প্রেরণার শক্তি। সাহিত্যের বাইরে শিক্ষা, কৃষি, গ্রামীণ অর্থনীতি ও সমাজকল্যাণে রবীন্দ্রনাথের অবদান অনন্য। শান্তিনিকেতনে ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা কিংবা বাংলাদেশের শাহজাদপুর ও পতিসরে কৃষকদের উন্নয়নে কাজ করা তার বহুমাত্রিক চিন্তার পরিচয় বহন করে।

এ বছর কবির জন্মবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’। কুষ্টিয়ার শিলাইদহসহ কবির স্মৃতিবিজড়িত জেলাগুলোতে রাষ্ট্রীয় কর্মসূচির আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। কুষ্টিয়ার পাশাপাশি কবির স্মৃতিধন্য নওগাঁর পতিসরেও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ ছাড়া খুলনার দক্ষিণ ডিহিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ বিকেল সাড়ে ৫টা থেকে ১১ মে পর্যন্ত চার দিনের ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন থাকছে।

সাংস্কৃতিক সংগঠন ছায়ানট দুদিনব্যাপী রবীন্দ্র উৎসবের আয়োজন করেছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টা এবং কাল সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে থাকবে আলোচনা, নাচ, গান ও আবৃত্তি।

যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হবে। বাংলা একাডেমিতে রবীন্দ্রজয়ন্তীর আয়োজন হবে ১১ মে বিকেল ৩টায়। সেমিনার, রবীন্দ্র পুরস্কার-২০২৬ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিকে স্মরণ করবেন বিশিষ্টজন। এ ছাড়া দেশব্যাপী ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হবে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। সূত্র: রয়টার্স

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৮ মে ২০২৬/এএ


Array