প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পবিত্র হজ পালন উপলক্ষে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ১০০টি ফ্লাইটে মোট ৪০ হাজার ১৭৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ১০৬ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে গেছেন। ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪৫টি, সৌদি এয়ারলাইনস ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে, হজ পালনের উদ্দেশ্যে সৌদি গিয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করা ৭ জনই পুরুষ। তাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন। রংপুরের কোতয়ালী এলাকার ৬৩ বছর বয়সী মো. শামসুল আলম মদিনায় স্বাভাবিক কারণে মারা যান, যিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন। এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের মধ্যে এটিই প্রথম মৃত্যু।
এছাড়া, জামালপুর, শেরপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও জয়পুরহাট জেলার আরও কয়েকজন হজযাত্রী ভিন্ন ভিন্ন সময়ে মক্কা ও মদিনায় মৃত্যুবরণ করেছেন।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০১ মে ২০২৬/এএ





