Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন কিশোরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে আকস্মিক ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় একজন আহত হওয়ার পাশাপাশি একটি একটি ঘোড়াও মারা গেছে।

সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে। বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সরাসরি বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ চৌধুরী (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি মিয়া (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান হোসেন (২০)। এ ঘটনায় শামীম (১৮) নামে আরও এক তরুণ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে ফুলছড়ি সদর উপজেলার ফুলছড়ি ইউনিয়নের যমুনার দুর্গম জামিরা চরে বজ্রপাতে মানিক হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই চরের শুক্কুর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় মানিকের সঙ্গে থাকা একটি ঘোড়াও মারা যায়।​সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে বজ্রপাতে নম্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বিকেল আনুমানিক ৩টার দিকে বাড়ির পাশে ছাগল আনতে গিয়ে তিনি বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।​গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফুর রহমান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই অধিকাংশের মৃত্যু হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৬ এপ্রিল ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ