Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) এবং একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে বাসের হেলপার মজন মিয়া (৪৩)।

ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে অংশ নেওয়ার সময় বিদ্যুৎ নামে এক স্থানীয় যুবক মাথায় আঘাত পেয়ে আহত হন।

খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। এ সময় সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তা স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২০ এপ্রিল ২০২৬/এএ


Array