Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১-দলীয় জোট। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত দেশব্যাপী দ্বিতীয় দফার কর্মসূচি পালন করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল সব বিভাগীয় শহরে এবং ২ মে প্রতিটি জেলা শহরে গণমিছিলের আয়োজন করা হবে। পাশাপাশি ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারা দেশে সেমিনার আয়োজনের কথাও জানানো হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে জনগণ যে প্রত্যাশা করেছিল, তা বাস্তবায়িত হয়নি। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের রায় উপেক্ষা করছে এবং আন্দোলন দমনে হুমকি দিচ্ছে, যা অসাংবিধানিক আচরণ।

তিনি আরও দাবি করেন, তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। এ ছাড়া প্রশাসনে দলীয়করণের অভিযোগও তোলেন তিনি।

১১-দলীয় জোটের নেতারা জানান, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ এপ্রিল ২০২৬/এএ


Array