প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।
সোমবার (১৩ এপ্রিল) রাত ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থানাধীন হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)। তাদের সবার বাড়ি দিনাজপুরে।
বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার।
জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় সাতজন নিহত হন এবং আহত হন ছয়জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৪ এপ্রিল ২০২৬/এএ





