প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আসন্ন ঈদুল ফিতরে টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে ঘরমুখো মানুষের সুবিধার কথা বিবেচনা করে এ ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার।
বুধবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৫ মার্চ মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট পাঁচ দিন নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে, আগামী ১৯ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত টানা পাঁচ দিন ঈদের ছুটি থাকবে।
এদিকে ঈদুল ফিতরের পর পরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। মাঝখানে ২৪ ও ২৫ মার্চ নির্বাহী আদেশে ছুটি মিললেই ঈদের ছুটি হবে দীর্ঘ ১০ দিন। এ ছাড়া ১৭ মার্চ (মঙ্গলবার) রয়েছে শবেকদরের ছুটি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র অনুযায়ী, এই ছুটি এক বা একাধিক দিন বাড়ানোর প্রস্তাব করতে পারেন তারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি দেশে রমজান মাসের চাঁদ দেখা যায়। পরদিন ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হয়। সে হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে মার্চ মাসের ২১ তারিখ অনুষ্ঠিত হতে পারে ঈদুল ফিতর।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/৩ মার্চ ২০২৬/এএ





