Menu

সেলিনা শেলী, এডমন্টন, কানাডা প্রতিনিধি :: কানাডার আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টন শহরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিল্পী সংগঠক নাজনীন রুবি বেগমের পরিচালনায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এডমন্টনে বসবাসরত শিল্পীরা অংশ গ্রহণ করেন। দর্শক -শ্রোতার উপস্থিতিতে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে’আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি পরিবেশিত হয়। এরপরে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট উপস্থাপন করেন-বাচিকশিল্পী রওশন শিল্পী। অনুষ্ঠানে কানাডায় জন্ম নেয়া কিশোর প্রজন্মের ছেলেমেয়েদের উপস্থিতি ও আগ্রহ ছিলো অত্যন্ত উৎসাহব্যঞ্জক।অনুষ্ঠানে ভাষার গানের পাশাপাশি কবিতা আবৃত্তিও পরিবেশন করা হয়। স্বরচিত কবিতা পাঠ করেন কবি সেলিনা শেলী-যার বিষয়বস্তু ছিলো ৫২ র ভাষা আন্দোলন হয়ে কানাডার ভ্যানকুভারের রফিক ও সালামের হাত ধরে বাংলাভাষার ‘আন্তর্জাতিক মাতৃভাষা’ হয়ে ওঠার সেই গৌরবোজ্জ্বল অধ্যায়।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন নাজনীন রুবি, রুপা চৌধুরী, বিমল রায়, চামেলি দাস, সাবরী ব্যানার্জী, শিখা আলমগীর, সোমা সাহা ও ত্রয়ী। কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী তৌহিদ পারভেজ, হোসনে আরা বীথি, রওশন শিল্পী, পার্থ বিশ্বাস ও মুনিমাহ মিশু। পুরো অনুষ্ঠানের বাঁশি ও তবলায় ছিলেন পার্থ বিশ্বাস। ফটোগ্রাফীতে ছিলেন নীহার মজুমদার । জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৮ ফেব্রুয়ারি ২০২৬/এএ


Array