Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটার সোবহানা মোস্তারি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ঘোষিত এই তালিকায় তার প্রতিদ্বন্দ্বী আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের পেসার টারা নরিস। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিতেই তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আইসিসি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

জানুয়ারিতে অনুষ্ঠিত বাছাইপর্বে বাংলাদেশ দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ২৪ বছর বয়সী মোস্তারি। ৬ ম্যাচে ৪৫.৮০ গড়ে ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি। ব্যাট হাতে ধারাবাহিকতার পাশাপাশি অফ স্পিনে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি উইকেটও নেন মোস্তারি।

একই টুর্নামেন্টে আয়ারল্যান্ডকে সামনে থেকে নেতৃত্ব দেন গ্যাবি লুইস।

৬ ম্যাচে ১২৪.৮৭ স্ট্রাইক রেটে তার রান ২৫১। বাংলাদেশের বিপক্ষে ৭৩ রানের ইনিংস বাছাইয়ে লুইসের সর্বোচ্চ। বাছাই পর্বের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি, করেছিলেন ২৭৬ রান। তার এমন পারফরম্যান্সেই বিশ্বকাপের টিকিট পায় আইরিশরা।

যুক্তরাষ্ট্র বিশ্বকাপের টিকিট না পেলেও দলটির বাঁহাতি পেসার টারা নরিসের পারফরম্যান্স ছিল উজ্জ্বল। বাছাইপর্বে ১৫ উইকেট নিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। জানুয়ারিতে খেলা ছয় ম্যাচে তার শিকার ১১ উইকেট।

প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বরে নাহিদা আক্তার প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। এরপর আর কোনো বাংলাদেশি এই স্বীকৃতি পাননি।

এখন দেখার অপেক্ষা সোবহানা মোস্তারি এই স্বীকৃতি পান কিনা!

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২২ ফেব্রুয়ারি ২০২৬/এএ


Array