প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই ভোট উৎসবে যোগ দিতে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ঘরমুখো মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটে চলছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন পয়েন্টে যাত্রীবাহী যানবাহন, পিকআপসহ মোটরসাইকেল যোগে মানুষকে বাড়ি ফিরতে দেখা যায়। ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ২১টি জেলার মানুষ চলাচল করেন।
সরেজমিনে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোর থেকে মানুষ নির্বাচনে ভোট দিতে নিজ নিজ গন্তব্যে গাড়িতে করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট অভিমুখে যাত্রা করছেন। যাত্রীবাহী যানবাহন ছাড়াও নিম্নবিত্তের মানুষরা পিকআপে (মিনি ট্রাক) করে রওনা দিয়েছেন। স্বাচ্ছন্দ্যের জন্য অনেকে আবার মোটরসাইকেল নিয়েও ছুটে চলছেন। হাইওয়ে পুলিশ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিনের তুলনায় কয়েক গুণ যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার বাসিন্দা রেজাউল করিম সবুজ বলেন, আমি ডিবিএল গ্রুপে চাকরি করি, নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাড়ি যাচ্ছি। ভোটটা তো আমার অধিকার আর আমার ভোটে জনপ্রতি নির্বাচিত হবে, সেজন্যই বাড়ি যাচ্ছি। ভোরে বের হয়েছি, তবে নবীনগরে বেশ যানজট ছিল। তবুও ভালো লাগছে, বাড়ি যাচ্ছি।
রাজবাড়ীর পাংশা এলাকা নোয়াব আলী বলেন, আমি সাভারে পোশাক কারখানায় চাকরি করি, পরিবারের লোকজন গ্রামে থাকে। অফিস ছুটি হয়েছে ভোটের জন্য, সে কারণে বাড়ি যাচ্ছি ভোট দিতে। সকালে নবীনগর এসে কোনো গাড়ি পাইনি, সেজন্য পিকআপে করে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছি।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহন চলাচল বেড়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য মহাসড়কে আমিসহ আমাদের মোবাইল টিম কাজ করছি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহন ও যাত্রীর চাপ কিছুটা বেশি। তবে নিরাপদ ও নির্বিঘ্নে পারাপারের জন্য ১৪টি ছোট-বড় ফেরি চলাচল করছে।
প্রবাস বাংলা ভয়েস /কানাডা/১০ ফেব্রুয়ারি ২০২৬/এএ





