Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আসন্ন বোর্ড নির্বাচনকে সামনে রেখে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোয়ান লাপোর্তা। নির্বাচনে অংশ নিতেই এই সিদ্ধান্ত নেন তিনি। বার্সেলোনার অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করবেন রাফা ইউস্তে।

ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নিয়মিত বৈঠকে লাপোর্তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ মার্চ বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনের তফসিলও প্রকাশ করা হয়।

লাপোর্তার সঙ্গে আরও কয়েকজন পরিচালকও পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ইনস্টিটিউশনাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট অ্যালেনা ফর্ত, সোশ্যাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট রাফায়েল এসকুদেরো এবং বোর্ড সদস্য ফেরান অলিভার, জোসেপ মারিয়া আলবের্ত, জাভিয়ার বারবান্যি, মিকেল ক্যাম্পস, অরেলি মাস, জাভিয়ার পুইগ ও জোয়ান সোলের ই ফেরে।

তবে এসব পদত্যাগের পরও ক্লাবের দৈনন্দিন কার্যক্রম চলবে। বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ ৩০ জুন পর্যন্ত পুনর্গঠিত বোর্ড দায়িত্ব পালন করবে।

এই সময়ের জন্য রাফায়েল ইউস্তেকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। ভাইস-প্রেসিডেন্ট ও সেক্রেটারি হিসেবে দায়িত্বে থাকবেন জোসেপ কুবেলস। ট্রেজারার হিসেবে থাকছেন আলফনসো কাস্ত্রো। বোর্ড সদস্য হিসেবে আছেন জোসেপ ইগনাসি মাসিয়া, আঞ্জেল রিউদালবাস, জোয়ান সোল ই সুস্ত এবং সিসকো পুজল।

প্রবাস বাংলা ভয়েস /কানাডা/১০ ফেব্রুয়ারি ২০২৬/এএ


Array