Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গত বছরের ৩০ এপ্রিল ক্যানসারে মারা যান বলিউড অভিনেতা তথা রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর। এ বছর না যেতেই এবার না ফেরার দেশে চলে গেলেন ঋষির ছোট ভাই অভিনেতা, পরিচালক ও প্রযোজক রাজিব কাপুর। মঙ্গলবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

এদিন দুপুরে পরে হঠাৎই হার্ট অ্যাটাক হয় রাজিবের। এরপর তার বড় ভাই অভিনেতা রণবীর কাপুর তাকে মুম্বাইয়ের ইনলাকস হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা রাজিবকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

প্রয়াত কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের ছোট ছেলে রাজিবের মৃত্যুর খবর প্রকাশ পেতেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা বলিউড। লতা মঙ্গেশকর থেকে, নেহা ধুপিয়া, নীতু কাপুর থেকে শুরু করে বহু তারকা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন।

বলিউডের এই তারকাকে দর্শক মনে রাখবেন তার অসাধারণ অভিনয় এবং পরিচালনার জন্য। ‘রাম তেরি গঙ্গা মাইলি’ সিনেমাটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিলেও রাজীব কাপুর আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

১৯৮৫ সালে মুক্তি পেয়েছিল ‘রাম তেরি গঙ্গা মাইলি’। এই ছবিতে তখনকার সুপারহিট নায়িকা মন্দাকিনীর সঙ্গে অভিনয় করেন রাজীব কাপুর। বাবা রাজ কাপুরের পরিচালনায় এই ছবি দিয়েই বলিউডে কার্যত ধামাকা করেন রাজীব।

এরপর ১৯৯০ সালে মুক্তি পায় রাজীব কাপুর অভিনীত ‘জামিনদার’। সান্তোষ কুমার চৌহানের পরিচালনায় এই সিনেমায় অনিতা রাজ এবং কিমি কাটকরের সঙ্গে অভিনয় করেন তিনি। মন্দাকিনী এবং রাজা মুরাদের সঙ্গে ‘নাগ নাগিনে’ও স্ক্রিন শেয়ার করেন রাজীব।

‘জামিনদার’ মুক্তির পর আর অভিনয়ে দেখা যায়নি রাজীবকে। এরপর তিনি পরিচালনা ও প্রযোজনায় মন দেন। ১৯৯৬ সালে বড় ভাই ঋষি কাপুর ও মাধুরী দীক্ষিতকে নিয়ে নির্মাণ করেন ‘প্রেম গ্রন্থ’। এই ছবিতে শাম্মি কাপুর, অনুপম খের এবং ওম পুরিকেও দেখা যায় গুরুত্বপূর্ণ চরিত্রে।

প্রসঙ্গত, রাজিব কাপুরের আরেকটি পরিচয়, তিনি বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী কারিনা কাপুর ও কারিশমা কাপুরের ছোট চাচা। তাই, কাপুর পরিবারের এক সদস্য ঋষি কাপুরকে হারানোর বেদনা কাটিয়ে না উঠতেই আরেক সদস্য রাজিব কাপুরকে হারিয়ে শোকাহত তারাও।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ ফেব্রুয়ারি ২০২১ /এমএম


Array