বাংলানিউজসিএ ডেস্ক :: ভাষার মাস এলে আমাদের মাতৃভাষার প্রতি দরদ বেড়ে যায়। আমরা বাংলা ভাষাপ্রেমী হয়ে উঠি। কিন্তু বাকি এগারো মাস আমরা কি তা বজায় রাখতে পারি?আমরা স্মার্ট হওয়ার জন্য কথা বলতে গিয়ে ইংরেজি, আরবি, হিন্দি, এমনকি উর্দু ভাষার শব্দ পর্যন্ত ব্যবহার করে থাকি।
সব নাগরিকই জানেন, বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম বাংলা। বাংলাদেশের সংবিধানেও তা লেখা আছে। কিন্তু সংবিধানে লেখা থাকা আর তা বাস্তবে প্রয়োগ করা এক নয়।আমাদের সংবিধানের ৩নং অনুচ্ছেদে লেখা আছে ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’ এবং ৩নং অনুচ্ছেদের ওপর ভিত্তি করে ১৯৮৭ সালে বাংলা ভাষা প্রচলন আইন চালু করা হয়।
এ আইনের ২ ও ৩(১) ধারায় বলা আছে, কর্মস্থলে যদি কোনো ব্যক্তি বাংলা ভাষা ছাড়া অন্য ভাষায় আবেদন বা আপিল করেন, তাহলে তা বেআইনি বা অকার্যকর গণ্য করা হবে।
৩ ধারায় বলা আছে, কোনো কর্মকর্তা বা কর্মচারী এ আইন অমান্য করলে তা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধির অধীনে অসদাচরণ বলে গণ্য হবে এবং এর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ আইনে কোনো ব্যক্তির শাস্তি হয়েছে কিনা জানা নেই। কাউকে আইনটি মানতে বাধ্য করা হয়েছে বলেও শোনা যায়নি।বরং রাষ্ট্রীয় প্রশাসনে, আদালতে ইংরেজি ভাষার ব্যবহার চলছে। কোনো বাধা নেই।
দেশের উচ্চ আদালতের ভাষা ইংরেজি। অধিকাংশ আইন-কানুন লেখা হয় ইংরেজি ভাষায়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন গ্রাহকদের কাছে আসে ইংরেজিতে। চিকিৎসকরা দুর্বোধ্য ইংরেজি ভাষায় রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে থাকেন, এমনকি বাংলাদেশের শিক্ষিত সমাজ এখন ব্যবহারিক জীবনে হরহামেশা ইংরেজি ভাষা ব্যবহার করছে।
এখন আমাদের সাংস্কৃতিক চিন্তা ও বিশ্বাসের মধ্যে বিদেশি সংস্কৃতি এমনভাবে স্থান করে নিয়েছে যে, তা আমাদের জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে। আমাদের পোশাক-আশাক থেকে শুরু করে গান, সিনেমা, চুলের কাটিং, এমনকি আমরা যে ভাষায় কথা বলি তাতেও ব্যাপকভাবে বিদেশি সংস্কৃতি প্রভাব ফেলছে।
এর ফলে দেশের জাতীয় ও সামাজিক জীবনে হাজার বছরের পুরনো ঐতিহ্য ও ভাষা ক্রমেই পরিত্যাজ্য হচ্ছে। আজকাল আমাদের ঘরে একটি শিশু জন্মগ্রহণ করার পর চোখ খুলেই টিভি চ্যানেলে হিন্দি বা ইংরেজি ভাষার ক্রাইম বা হরর দৃশ্য দেখে হিন্দি বা ইংরেজিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে।
ফলে বাংলা ভাষা, বাংলা সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য পরিত্যাজ্য হচ্ছে। এ ক্ষেত্রে আমাদের মাঝে বাংলা ভাষাকে হীন ভাবার মতো হীনম্মন্যতাও কাজ করছে। এ অবস্থায় প্রশ্ন জাগে, একুশ শতকে বাংলাদেশে বাংলা ভাষার অস্তিত্ব কতটুকু টিকে থাকবে?
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৩ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





