Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার স্থায়ী বাসিন্দা (পিআর) হওয়ার প্রত্যাশীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় নতুন নিয়ম কার্যকর হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে কার্যকর হওয়া এ পরিবর্তনে যোগ্য চাকরির প্রস্তাবের ক্ষেত্রে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (এলএমআইএ) ছাড়াই কমপ্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেমে (সিআরএস) অতিরিক্ত পয়েন্ট পাওয়ার সুযোগ চালু করেছে কানাডার অভিবাসন বিভাগ।

ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) জানিয়েছে, নতুন ব্যবস্থায় উচ্চ বেতনের যোগ্য পেশায় চাকরির প্রস্তাব অথবা কানাডায় অর্জিত কর্ম-অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত পয়েন্ট দেওয়া হবে। তবে একজন প্রার্থী চাকরির প্রস্তাব ও কানাডীয় কর্ম-অভিজ্ঞতা—দুই ক্ষেত্রের পয়েন্ট একসঙ্গে পাবেন না। যে পদ্ধতিতে বেশি পয়েন্ট পাওয়া যাবে, সেটিই বিবেচনা করা হবে।

নতুন নিয়মে চাকরির প্রস্তাবের ক্ষেত্রে পেশার নির্ধারিত মধ্যম মজুরির দ্বিগুণ বা তার বেশি বেতন হলে ১০০ পয়েন্ট, দেড় গুণ বা তার বেশি হলে ৭০ পয়েন্ট এবং ১ দশমিক ৩ গুণ বা তার বেশি হলে ৫০ পয়েন্ট পাওয়া যাবে। তবে নির্ধারিত উচ্চ বেতনের শর্ত পূরণ না হলে চাকরির প্রস্তাবের জন্য অতিরিক্ত পয়েন্ট পাওয়া যাবে না।

অন্যদিকে, কানাডায় অন্তত ১২ মাসের যোগ্য কর্ম-অভিজ্ঞতা থাকলে পেশার বেতনস্তর অনুযায়ী অতিরিক্ত ২০, ৪০ অথবা ৭০ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। এর সঙ্গে কর্ম-অভিজ্ঞতার মেয়াদ অনুযায়ী প্রচলিত সিআরএস পয়েন্টও যুক্ত হবে।

নতুন নিয়মের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, চাকরির প্রস্তাব নতুন বা পুরোনো নিয়োগকর্তার কাছ থেকে হতে পারে। একইভাবে নতুন পদ কিংবা আগে থেকে বিদ্যমান পদেও চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে। এ ক্ষেত্রে এলএমআইএ বাধ্যতামূলক নয়। এমনকি এলএমআইএ থাকলেও অতিরিক্ত পয়েন্ট বা প্রোফাইলে অগ্রাধিকার পাওয়া যাবে না।

তবে আইআরসিসি স্পষ্ট করেছে, চাকরির প্রস্তাব অবশ্যই প্রকৃত ও গ্রহণযোগ্য হতে হবে। নিয়োগকর্তার ব্যবসার বৈধতা, চাকরির প্রয়োজনীয়তা, বেতন ও নিয়োগের শর্ত পূরণের সক্ষমতা এবং প্রার্থীর সংশ্লিষ্ট কাজের যোগ্যতা যাচাই করা হবে। ভুয়া চাকরির প্রস্তাব বা তথ্য গোপনের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর বিদ্যমান এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলগুলোর সিআরএস স্কোর স্বয়ংক্রিয়ভাবে পুনর্নির্ধারণ করা হবে। এ প্রক্রিয়ায় সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগতে পারে। এ সময় নতুন করে আমন্ত্রণপত্র দেওয়ার ড্র সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে আইআরসিসি।

অভিবাসন প্রত্যাশীদের জন্য এ পরিবর্তন নতুন সুযোগ তৈরি করলেও শুধু চাকরির প্রস্তাব থাকলেই স্থায়ী বসবাসের নিশ্চয়তা মিলবে না। প্রার্থীর শিক্ষা, ভাষাগত দক্ষতা, বয়স, কর্ম-অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ড্রয়ের সিআরএস কাট-অফ স্কোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৪ নভেম্বর ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ