প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: হলিউডের গ্লোবাল স্টার জেনিফার লোপেজ। বছরজুড়েই গান, লাইভ শো ও সিনেমা নিয়ে ব্যস্ততা তার। আলোচনায় থাকেন নিজের ব্যক্তিজীবন নিয়ে। বর্তমানে মুক্তির অপেক্ষায় থাকা নতুন রোমান্টিক কমেডি সিনেমা ‘অফিস রোম্যান্স’ নিয়ে ব্যস্ত তিনি।
হলিউড তারকা জেনিফার লোপেজের জীবনদর্শন সবসময়ই তার অনুরাগীদের অনুপ্রাণিত করে। জীবন মানেই ভাঙা-গড়ার খেলা, আর প্রতিটা বিচ্ছেদই যে মানুষকে আরও পরিণত করে তোলে—এই বিশ্বাস বুকে নিয়েই পথ চলেন তিনি। সম্প্রতি ‘অফিস রোমান্স’-এর মুক্তি উপলক্ষে নিজের জীবনের এই গভীর দর্শন নিয়ে খোলামেলা কথা বললেন ‘জে লো’। খবর: বিলবোর্ড
সাক্ষাৎকারে জেনিফার জানান, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসে বড় কোনো ধাক্কা থেকে। তিনি বলেন, ‘মানসিক ও আবেগের দিক থেকে আমার হৃদয় ভাঙার পরই মনের আসল বিকাশ ঘটেছে। শুধু প্রেমে নয়, কাজের ক্ষেত্রের ব্যর্থতাও আমাকে এই একই শিক্ষা দিয়েছে।’
গত বছর অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে জেনিফারের বিবাহবিচ্ছেদ হয়েছে। সেই প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করলেও, সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি। তার মতে, সম্পর্কে থাকাকালীন মানুষ প্রায়ই নিজের কথা ভুলে যান, এমনকি নিজের মনের আওয়াজও শোনেন না। তবে বিচ্ছেদের পর মানুষ যখন নিজের সঙ্গে সময় কাটান, তখন আসল রূপান্তরটা ঘটে।
জেনিফার লোপেজের জীবনে প্রেম এসেছে একাধিকবার। প্রতিবারই তিনি মনে করেছেন এটাই তার জীবনের নিখুঁত প্রেম, আর সেই বিশ্বাস থেকেই বারবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০২ জুলাই ২০২৬/এএ





